Apan Desh | আপন দেশ

তানজিন তিশাকে গ্রেফতারের আবেদন

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:০০, ২৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:০৬, ২৩ নভেম্বর ২০২৬

তানজিন তিশাকে গ্রেফতারের আবেদন

তানজিন তিশা। ছবি: ফাইল ছবি

বাংলা নাটকের জনপ্রিয় মুখ তানজিন তিশা। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আবেদন করা হয়েছে। এ আবেদন করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী।

হত্যার হুমকির অভিযোগে দায়ের করা একটি মামলায় এ আবেদন করা হয়েছে। ওই মামলায় আদালতে হাজির হননি অভিনেত্রী তানজিন তিশা।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির এ আবেদন করা হয়। তবে এদিন আবেদনটির শুনানি হয়নি। আগামী ১৪ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় গণমাধ্যমকে জানান, ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭ (সি) ধারায় করা মামলায় সোমবার তানজিন তিশার আদালতে হাজির হওয়ার তারিখ ছিল। বিবাদীপক্ষ আদালতের নোটিশ গ্রহণ করলেও তানজিন তিশা হাজির হননি। এ কারণে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী।

গ্রেফতারি পরোয়ানার আবেদনে বাদীপক্ষের যুক্তি হচ্ছে- মামলার ধার্য তারিখ সম্পর্কে অবগত থাকার পরও তানজিন তিশা আদালতে উপস্থিত হননি। এছাড়া মামলা-সংক্রান্ত বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাদীকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। এসব কারণে তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন বাদী।

সানায়ার দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হয়। এরপর মামলা প্রত্যাহার করতে তাকে বিভিন্ন সময়ে হুমকি দেয়া হয় বলে অভিযোগ বাদীর।

আরও পড়ুন <<>> ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি, জানালেন রোজিনা

গত বছরের ৭ নভেম্বর ফোনে হুমকি দেয়ার অভিযোগও করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, প্রতারণার মামলাটি প্রথমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেয়ার পর রোববার আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।

বাদীর দাবি, তদন্ত প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশের পর তানজিন তিশা ক্ষুব্ধ হয়ে তার পল্লবীর বাসায় লোক পাঠিয়ে হুমকি দেন। নিরাপত্তাহীনতার কথা জানিয়ে থানায় মামলা করতে গেলেও তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তানজিন তিশার বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়