Apan Desh | আপন দেশ

সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৩:২৭, ২০ আগস্ট ২০২৬

সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া

ছবি : সংগৃহীত

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া।

নুরুদ্দিন জাকারিয়া এবারের প্রতিযোগিতায় চতুর্থ শাখায় অংশ নেন। এ শাখায় প্রতিযোগীদের টানা ১৫ পারা পবিত্র কোরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা যাচাই করা হয়। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ সফলভাবে অতিক্রম করে প্রথম স্থান অর্জন করেন তিনি।

সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে পাঁচটি পৃথক শাখায় আয়োজিত হয় এবারের প্রতিযোগিতা। আন্তর্জাতিক পর্যায়ের বিচারকদের কঠোর মূল্যায়নে কোরআন হিফজ, তিলাওয়াত ও তাজবিদসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিযোগীদের দক্ষতা যাচাই করা হয়।

পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন শাখায় সেরা ৫০ জন বিজয়ীর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেয়া হয়। 

সৌদি বাদশাহ সালমানের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মক্কা অঞ্চলের উপগভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুল আজিজ।

আরও পড়ুন : ‘রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে’

প্রতিযোগিতা চলাকালে নিজের অনুভূতি প্রকাশ করে হাফেজ নুরুদ্দিন জাকারিয়া জানান, কোরআনই তাকে একটি ছোট গ্রাম থেকে পবিত্র মক্কা নগরীতে নিয়ে এসেছে। মসজিদুল হারামে এসে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নিতে পারা তাঁর জীবনের অন্যতম বড় সম্মান ও স্মরণীয় অর্জন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement